ফাইনালে নিশ্চিত নন রাশিদ

চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে হারা শেষ ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। এখনো খোঁড়াচ্ছেন রাশিদ খান। আফগানিস্তানের তরুণ অধিনায়ক আজ বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় ফাইনালে খেলতে পারবেন? শেষ পর্যন্ত হয়তো খেলবেন। অধিনায়ক হিসেবে এমন বড় এক ট্রফি জেতার লড়াই মিস করা চলে! বিশ্বসেরা লেগ স্পিনার গতকাল ফাইনালপূর্ব প্রেস কনফারেন্সে অবশ্য বলছিলেন, ‘এখনো বলতে পারছি না।’

ফাইনালে খেলার মতো ফিট আছেন?

এখনো বলতে পারছি না। আগামীকাল (আজ) সিদ্ধান্ত নেব। তবে আমাদের ব্যাকআপ ভালো আছে। মুজিব-নবির সঙ্গে বাঁহাতি স্পিনার শরাফ আছে। ও ভালো অলরাউন্ডার।

টানা দুই ম্যাচ হারের পর ফাইনালে কোন দিকে উন্নতি চান?

চট্টগ্রামে টানা দুই ম্যাচ হেরে গেছি। এখন ঢাকায় যেখানে আগের দুই ম্যাচ জিতেছি। আমার মনে হয় আমাদের খেলাটা উপভোগ করতে হবে। আমরা চট্টগ্রামে কিছু এক্সপেরিমেন্ট করেছি। ফাইনালে সেরা দলটাকেও খেলাব আমরা।

টানা দুই হারে আত্মবিশ্বাস ভেঙে পড়েনি তো?

আমি তা মনে করি না। একদম না। গ্রুপ পর্ব চলে গেছে। এখন আমাদের আগামীকালের (আজ) খেলায় মন দিতে হবে। মৌলিক ব্যাপারগুলো ঠিকঠাক রেখে ইতিবাচক হয়ে খেলতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা ফাইনালে। আগের জয় বা হারে কিছু আসে যায় না।

ফাইনালে নিজেদের ফেভারিট ভাবছেন?

শেষ তিন-চার বছরে আমরা বিশেষ করে টি-টোয়েন্টি যেভাবে খেলছি তাতে নিজেদের সেরাটা দিতে পারলে বিশ্বের যে কোনো দলকে হারাতে পারি। আমাদের প্রতিভা আছে। দল আছে। শুধু মেজাজ ধরে রেখে পারফর্ম করতে হবে আমাদের।

টেস্টে বাংলাদেশের বিপক্ষে আফগানদের জয়ের রহস্য কোথায়?

আমাদের অনেক সহজাত প্রতিভা আছে যা অনেক দেশের নেই। আমাদের সুযোগ-সুবিধা নেই, মাঠও নেই। কিন্তু সহজাত প্রতিভা উঠে আসছে। আমাদের অ্যাকাডেমি অনেক। সেখানে তরুণরা এখন বেশ সুবিধা পাচ্ছে। আর সাফল্যের প্রধান কারণ, সহজাত খেলা ও ভালো করার প্যাশন।

বাংলাদেশ সফর থেকে আফগানিস্তান কী কী ইতিবাচক ব্যাপার নিয়ে যাচ্ছে?

অনেক ইতিবাচক ব্যাপার আছে। বিশেষ করে ইব্রাহিম (জাদরান) (টেস্ট) অভিষেকে চমৎকার খেলেছে। রহমত শাহ দেশের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছেন। আসগার আফগানও ভালো করেছেন। কাইস আহমেদ, জাহির খানের ভালো অভিষেক হয়েছে। টি-টোয়েন্টিতে রহমানউল্লাহ গুরবাজ শেষ তিন ম্যাচে প্রতিভা দেখিয়েছে। ফারিদ মালিক, নাভিন-উল-হকের মতো পেসাররা ভালো খেলছে।