তেলক্ষেত্রে হামলায় জার্মানি-ব্রিটেন-ফ্রান্সও ইরানকে দুষছে

সৌদির রাষ্ট্রীয় তেলক্ষেত্রে হামলার জন্য যুক্তরাষ্ট্র-সৌদি আরবের পর এবার জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনও ইরানকে দায়ী করেছে। সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে যৌথ বিবৃতিতে এই তিন দেশ এমন দাবি করে।

 ‘হামলার জন্য ইরান দায়ী, এটি আমাদের কাছে পরিষ্কার,’ জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘আমাদের কাছে আর কোনো বিশ্বাসযোগ্য ব্যাখ্যা নেই। আরও বিস্তারিত জানার জন্য চলমান তদন্ত আমরা সমর্থন করি।’

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠকের পর এই বিবৃতি দেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুইটি তেল ক্ষেত্রে ড্রোন হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ওই হামলার পর বিশ্বের সবচেয়ে বেশি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের দৈনিক তেল উৎপাদন অর্ধেকের বেশি হ্রাস পেয়েছে। যার প্রভাবে আন্তর্জাতিক বাজারেও তেলের দাম বেড়ে গেছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ওই হামলার দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র ও সৌদি আরব তা আগেই উড়িয়ে দিয়েছে। এবার শক্তিশালী তিনটি দেশও তাদের সুরে সুর মেলাল।