জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তনের লোগো প্রকাশ করার পর থেকে চলছে লোগো নিয়ে সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের ক্ষোভ প্রকাশ।
সমাবর্তনের লোগো নিয়ে শিক্ষার্থীরা বলছেন, সমাবর্তনের লোগো সুন্দর হয়নি। এর থেকে অনেক ভালো ডিজাইন জমা দেওয়া হয়েছে, কিন্তু তা বাছাই করা হয়নি।
এছাড়া লোগোতে ১ম এর ‘ম’ দেওয়া হয়নি। লোগোতে ব্যবহৃত রং এবংএর গঠন নিয়ে সমালোচনা চলছে।
সমাবর্তনের লোগো নিয়ে কথা বলতে গিয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, সমাবর্তনের লোগোটি অত্যন্ত সুন্দর ও অর্থবাহী একটি লোগো। যারা লোগো নিয়ে সমালোচনা করছে তারা লোগো বোঝে না। বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষকদের নিয়ে তো আর লোগো সিলেক্ট করা সম্ভব না। এর জন্য একটি কমিটি আছে, তারা লোগো সিলেক্ট করেছে।
তিনি বলেন, লোগো বুঝতে হলে আর্ট বুঝতে হবে। আর্ট না বুঝলে লোগো বোঝা সম্ভব না। যিনি লোগোটি তৈরি করেছেন তিনি একজন খ্যাতিমান আর্টিস্ট। লোগোর লাল রং হচ্ছে উদীয়মান সূর্য।
যা উদীয়মান শক্তিকে প্রকাশ করে। এছাড়া প্রথমে ‘ম’ ব্যবহার করা হয়নি কারণ বর্তমানে বাংলা একাডেমির নতুন নিয়ম অনুযায়ী ১ম বা ১লা ব্যবহৃত হয় না। তাই লোগোতে ১ম ব্যবহার কারা হয়নি। লোগোতে যে হেড (টুপি) ব্যবহার করা হয়েছে তা বিশ্ববিদ্যালয়ের গৌরবকে প্রকাশ করে।