ঢাবিতে ছাত্রলীগের পিটুনির পরদিন ফের ক্যাম্পাসে ছাত্রদল নেতাকর্মীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের হাত বেধড়ক পিটুনি শিকার হওয়ার পরদিনই ফের ক্যাম্পাসে এসেছেন ছাত্রদল নেতাকর্মীরা।

এসময় আগের দিনের হামলার বিষয়ে পদক্ষেপ নিতে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের কাছে দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মধুর ক্যান্টিনে প্রবেশ করেন। তারা সেখানে কিছু সময় অবস্থান করেন।

এ সময় ক্যান্টিনে ছাত্রলীগের কেন্দ্রীয় কিংবা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শীর্ষ কোনো নেতা উপস্থিত ছিলেন না।

পরে ছাত্রদলের নেতাকর্মীরা উপাচার্য আখতারুজ্জামানের কার্যালয়ে যান। সেখানে তার কাছে সোমবারের হামলার বিষয়ে পদক্ষেপ নেওয়ার এবং ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করার দাবি জানান তারা।

প্রসঙ্গত, সোমবার ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। হাকিম চত্বর, দোয়েল চত্বর ও টিএসসিতে দফায় দফায় এ হামলার ঘটনায় ৩০ নেতাকর্মী আহত হন বলে দাবি করে ছাত্রদল। এসময় পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকও মারধরের শিকার হন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল দেশ রূপান্তরকে বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্র। বিশ্ববিদ্যালয়ের আঙিনায় যাওয়ার অধিকার আমার আছে। তাই আজকে আমরা এসেছি।’