এরা আওয়ামী লীগের নয়, মির্জা আব্বাস-কোকোর সৃষ্টি: এইচটি ইমাম

চলমান ক্যাসিনো বিরোধী অভিযান আওয়ামী লীগের বিরুদ্ধে নয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, আওয়ামী লীগ স্বচ্ছ-পরিচ্ছন্ন একটি দল। আমরা সব সময় পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করি।

তিনি বলেন, আজকেও পত্র-পত্রিকায় দেখলাম, অভিযুক্ত সাতজনের ছয়জনই অনুপ্রবেশকারী। এরা আওয়ামী লীগের নয়। এরা মির্জা আব্বাসের সৃষ্টি, অথবা কোকোর সৃষ্টি। এই দানবগুলোকে তো এখন ধরা গেছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এসব কথা বলেন।

এ সময় উপস্থিত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ক্যাসিনো সংস্কৃতির শুরু হয়েছে বিএনপি সরকারের আমলে। আর তখন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা এর সঙ্গে জড়িত থাকার কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক-অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। কে কোন দলের বা মতের দেখা হচ্ছে না। অন্যদিকে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন শীর্ষপর্যায় থেকে অনিয়ম-দুর্নীতি করা হয়েছে। হাওয়া ভবন তৈরি করে প্রত্যেক ব্যবসায় ১০ পার্সেন্ট কমিশন নেওয়া হতো। তারেক রহমানের ১০ বছরের সাজা হয়েছে। তার বিরুদ্ধে এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে।