পাক শাসিত কাশ্মীরে শক্তিশালী ভূমিকম্পে শিশুসহ নিহত ৮, আহত শতাধিক

পাকিস্তান শাসিত কাশ্মীরে শক্তিশালী এক ভূমিকম্পে ৩ শিশুসহ অন্তত ৮ ব্যক্তি নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন শতাধিক মানুষ। এ ভূমিকম্পে প্রতিবেশী ভারতসহ পাকিস্তানের বিশাল অঞ্চল কেঁপে উঠে।

ডন জানায়, মঙ্গলবার বিকেলে ৫.৮ রিখটার স্কেলের এই ভূমিকম্পে কেঁপে উঠে দুই দেশের রাজধানী দিল্লি ও ইসলামাবাদসহ বড় শহরগুলো।

কাশ্মীরের নিউ মিরপুর এলাকায় উৎপত্তি হওয়া ভূমিকম্পটি ৮-১০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল।

মিরপুরের ডিভিশনাল কমিশনার চৌধুরী মুহাম্মদ তায়িব জানান, তিন শিশুসহ আট ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। পুরো শহরে সবগুলো হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 

ভূকম্পন অনুভূত হয় পেশোয়ার, রাওয়ালপিন্ডি, লাহোর সহ পাকিস্তানের পুরো উত্তরাঞ্চল। ভূমিকম্পের তীব্র ধাক্কায় কেঁপে উঠে ভারতের দিল্লির রাজধানী অঞ্চলসহ উত্তর ভারতের বড় অংশ।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর নাজিব আহমেদ জানান, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ৫.৮ রিখটার স্কেলের ভূমিকম্পটি আঘাত হানে।

স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, মিরপুর জেলার একাধিক এলাকা ধুমরে মুচড়ে গেছে।

শক্তিশালী এই ভূমিকম্পে দিল্লি থেকে ইসলামাবাদ সব শহরের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘরবাড়ি ও কর্মস্থল থেকে মানুষ রাস্তায় আশ্রয় নেয়।

কাশ্মীরে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দিল্লি থেকে ইসলামাবাদ