বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার মেগা প্রকল্পের নামে মেগা লুটপাটে মেতেছে। লুটের টাকায় তারা জুয়া খেলছে। আওয়ামী লীগের ঘরে ঘরে এখন ক্যাসিনো, জুয়ার আসর বসেছে। আর এটাই হলো তাদের উন্নয়নের রোল মডেল।
মঙ্গলবার বিকেলে সিলেট রেজিস্ট্রি মাঠে বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার কোনো সরকার নয়, এরা অবৈধ সরকার। ভোট ডাকাতির মাধ্যমে তারা ক্ষমতায় বসে আছে। ভোটের আগের রাতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা ভোট ডাকাতি করেছে।
সিলেটের মহাসমাবেশে পুলিশের বাধা দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এই মাঠের জনসভা মঞ্চ তিন দফা ভাঙা হয়েছে। আমাদেরকে সমাবেশ করার অনুমতি দিতে চায়নি। পরে সিলেটের নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সাহসকে ভয় পেয়ে সমাবেশের অনুমতি না দিয়ে পারেনি।
এসময় এম ইলিয়াস আলীসহ বিএনপির গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে দলের মহাসচিব বলেন, এই সরকার ৫০০ নেতাকর্মীকে গুম করেছে, ২৬ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, একটি ভিত্তিহীন মামলায় খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। যে দুই কোটি টাকার দুর্নীতির কথা বলা হচ্ছে, সেখান থেকে একটি টাকাও তোলা হয়নি। বরং এতিমদের ওই দুই কোটি টাকা এখন ব্যাংকে ৬ কোটি টাকায় পরিণত হয়েছে।
তিনি বলেন, কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে না। তাই আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করতে হবে।
সমাবেশে স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, বিচার ব্যবস্থায় সরকারের হস্তক্ষেপের কারণে আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব হবে না। রাজপথের আন্দোলনের মাধ্যমেই নেত্রীকে মুক্ত করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, চোর-ডাকাত, খুনিরা জামিন পাচ্ছে। কিন্তু তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন হয় না। এর একমাত্র কারণ শেখ হাসিনা। তাই শেখ হাসিনার পতনের আন্দোলনের সূচনা করতে হবে।
খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের সাজা বাতিল ও অবিলম্বে জাতীয় নির্বাচন দেওয়ার দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শাহজাহান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, খন্দকার আবদুল মুক্তাদীর, ড. এনামুল হক চৌধুরী, এম এ হক, ডা. শাখাওয়াত হাসান জীবন, ফজলুল হক মিলন, কলিম উদ্দিন আহমদ মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।