চলতি বছরের আলোচিত চলচ্চিত্র ছিল ‘আব্বাস’। পুরান ঢাকাকেন্দ্রিক গল্পের এই সিনেমায় নায়ক নিরবকে গ্যাংস্টার রূপে উপস্থাপন করে বাজিমাত করেন তরুণ নির্মাতা সাইফ চন্দন। গত ৫ জুলাই দেশব্যাপী মুক্তি পায় ‘আব্বাস’। চলচ্চিত্রটি দিয়ে সাইফ চন্দন চলচ্চিত্রপাড়ায় আলোচনায় আসেন।
নিরব ও সোহানা সাবাকে নিয়ে তৈরি সিনেমার গল্প ও নির্মাণ ভাবনায় চন্দন সমালোচক মহলে ব্যাপক প্রশংসিত হন। এবার নতুন আরেকটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন সাইফ চন্দন। তার নতুন চলচ্চিত্রের নাম হচ্ছে ‘ওস্তাদ’।
গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ‘ওস্তাদ’ চলচ্চিত্রের নাম অন্তর্ভুক্ত করেন তিনি। ‘ওস্তাদ’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নিজেই। তবে সিনেমায় নায়ক-নায়িকা কে হবেন, সে বিষয়ে কোনো তথ্য দেননি চন্দন।
সাইফ চন্দন বলেন, ‘ওস্তাদ’ সিনেমাটি রোম্যান্টিক অ্যাকশন ঘরানার হবে। আপাতত চিত্রনাট্য, গান ও প্রি-প্রোডাকশনের কাজ চলছে। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শুটিং শুরু হবে। শিগগির সংবাদ সম্মেলন করে শিল্পীদের চূড়ান্ত তালিকা ও নির্মাণ পরিকল্পনা জানানোর প্রস্তুতি চলছে।
এর আগে তিনটি চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। ২০১৫ সালের ৯ অক্টোবর ৫২টি হলে মুক্তি পেয়েছিল সাইফ চন্দন পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’। সেই সিনেমায় আরজু ও আইরিন জুটির আত্মপ্রকাশ ঘটে।