বরিশালে গৃহবধূ হত্যা মামলায় স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূ রিমা বেগম (২৪) হত্যার অভিযোগে করা মামলায় তার স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব। উজিরপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানায় র‌্যাব। গত সোমবার রাতে উজিরপুর থানার শিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো নিহত রিমা বেগমের স্বামী মিজান বেপারি (২৮) ও তার মা মোসাম্মৎ আকলিমা বেগম (৫০)। মিজান বেপারি উজিরপুর থানাধীন শিবপুর এলাকার মান্নান বেপারির ছেলে। মোসাম্মৎ আকলিমা বেগম মান্নান বেপারির স্ত্রী। র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানায়, মিজান বেপারির সঙ্গে ৭ বছর পূর্বে রিমা বেগমের বিয়ে হয়। গত ২১ সেপ্টেম্বর মিজান যৌতুকের দাবিতে স্ত্রী রিমাকে শ্বাসরোধে হত্যার পর মৃতদেহ গাছে ঝুলিয়ে রাখে।