খেলা না হওয়ায় সাকিব-রশিদের আক্ষেপ

একটি বলও মাঠে গড়ায়নি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালের। বৃষ্টিতে পণ্ড হয় ম্যাচ। তাই ট্রফি ভাগাভাগি করতে হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানকে। তবে দুই দলের কেউই খুশি নয় এতে। উভয় দলই যে চেয়েছিল এককভাবে শিরোপা জিততে; খেলা গড়াক মাঠে।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে ৬টায়। কিন্তু বৃষ্টির কারণে ৯টার দিকে ম্যাচ পরিত্যক্ত হয়। টসও হতে পারেনি ম্যাচের।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুই দলের অধিনায়কের কণ্ঠেই থাকল তাই হতাশা। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বললেন, ‘দর্শকদের জন্য খারাপ লাগছে। তারা খুব প্রত্যাশা নিয়ে মাঠে এসেছিল ভালো একটি ম্যাচ উপভোগের জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টির ওপর আমাদের কারো হাত নেই।’

সাকিব যোগ করে বলেন, ‘এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। ফাইনালে ওঠার পথে আমরা ভালো ক্রিকেট খেলেছি। আমার মনে হয় খেলা না হওয়ায় দুই দলের জন্যই হতাশায় শেষ হলো সিরিজটা।’

আফগান অধিনায়ক রশিদ খান বলেন, ‘দর্শকদের উপস্থিতি ছিল আশ্চর্যজনক। আমরা অবশ্যই চেয়েছিলাম খেলা হবে এবং ম্যাচে রেজাল্ট হবে। কিন্তু আবহাওয়ার ওপর তো আমাদের কারো কোনো কিছু করার নেই। ছেলেদের পারফরম্যান্স ছিল ‍দুর্দান্ত। খেলা না হওয়ায় তাদের দুর্ভাগাই বলব।’

ইনজুরির কারণে রশিদ খানের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে এ ম্যাচে খেলার জন্য তৈরি ছিলেন বলেই জানান রশিদ।