জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধিতে ভারতের অন্যতম বাণিজ্যিক শহর মুম্বাই তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে এএফপি। শহরটির বাসিন্দারা তলিয়ে যাওয়ায় আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছে।
প্রতি বছর বর্ষাকালে মুম্বাইয়ের সাগর-তীরবর্তী বস্তি ধারাবি প্রায়ই তলিয়ে যায়। এশিয়ার সবচেয়ে বড় এই বস্তির বাসিন্দারা অনেকদিন ধরেই সরকারের কাছে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেও কোনো কাজ হচ্ছে না।
বস্তির বাসিন্দা ভেঙ্কটেশ নাদার বলেন, ‘প্রতি বছর এখানকার অবস্থার অবনতি ঘটছে। আমাদের প্রত্যেক ঘরে গোড়ালি পর্যন্ত পানি থাকে। আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য এটা বিপজ্জনক। এ বস্তির প্রত্যেক পরিবার ঈশ্বরের করুণায় বাস করছে।’ ২০১৭ সালের এক রিপোর্টে বলা হয়, মুম্বাইয়ে মাত্র ২০ সেন্টিমিটার বৃষ্টিপাতে অধিকাংশ এলাকা তলিয়ে যায়। সাতটি ছোট দ্বীপের সংযুক্তিতে ব্রিটিশ আমলে তৈরি এই শহরটি বন্যা প্রতিরোধ ব্যবস্থা শুরু থেকেই দুর্বল।