ইসির তিন ডাটা এন্ট্রি অপারেটর দুই দিনের রিমান্ডে

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি করে রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম নির্বাচন কমিশন (ইসি) অফিসের তিন ডাটা এন্ট্রি অপারেটরকে দুই দিনের জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিট।

গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. নোমান এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া তিনজন হলেন, চট্টগ্রাম নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মো. শাহীন, মো. জাহিদ ও পাভেল বড়ুয়া। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান বলেন, এই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেছিল।

কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়–য়া জানান, ২৩ সেপ্টেম্বর ঢাকা নির্বাচন কমিশন কার্যালয় থেকে শাহানুর মিয়া নামে এক কর্মচারীকে আটক করা হয়। গ্রেপ্তার তিন ডাটা এন্ট্রি অপারেটরের মধ্যে শাহীন ঢাকা থেকে আটক শাহনুর মিয়ার স্ত্রীর বড় ভাই। শাহনুরকে মঙ্গলবার এনআইডি জালিয়াতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।