সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকুটা হাওরে নৌকা ডুবির ঘটনায় আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে হাওর থেকে ভাসমান অবস্থান এই চারজনের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দিরাই থানার ওসি কে এম নজরুল ইসলাম।
যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন- উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের রইতনু নেছা (৩৫), একই গ্রামের শান্তা বেগম (৪), চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামের করিমা বেগম (৬২) ও নোয়ার চর গ্রামের আসাদ মিয়া (৬)।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাছিমপুর গ্রামের শামিম (২), আবির (৩), নোয়ারচর গ্রামের সোহান (২) ও আজম (২) এর লাশ উদ্ধার করা হয়।
ওসি কে এম নজরুল ইসলাম জানান, এখন পর্যন্ত ২জন নিখোঁজ রয়েছে। তাদের লাশ উদ্ধারের চেষ্টা চলছে। বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রমে বিঘ্ন ঘটছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর থেকে একটি যাত্রীবাহী নৌকা ২৫-৩০জন যাত্রী নিয়ে উপজেলার চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামে যাচ্ছিল। পথে রফিনগর ইউনিয়নের কালিয়াকুটা হাওরে দমকা বাতাসে পৌঁছালে নৌকাটি ডুবে যায়।
দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী জানান, নিহতদের পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা সহযোগিতা করবো।