যুবকের গলায় দড়ি পেঁচিয়ে ১৫ কিমি টেনে নিল বাইক

মাথায় গুলির চিহ্ন। একটা পা নেই। গলায় দড়ি বাঁধা। এই অবস্থায় ২১ বছর বয়সী এক যুবককে ১৫ কিলোমিটার পথ টেনে এনেছে একটি মোটরবাইক। ভারতের উত্তর প্রদেশের নির্মম এই হত্যাকাণ্ড ঘটাতে কারা ওই বাইকটি ব্যবহার করেছে, তা এখনো পুলিশের কাছে রহস্য।

মুকুল কুমার নামের ওই যুবক টেনে আনার আগে নাকি পরে মারা গেছে, সে বিষয়ে এখনো পুলিশ নিশ্চিত নয়।

হরিপুর জেলার পুলিশ সুপার অভিনাস পাণ্ডে বলেন, ‘লাশের শরীরে বেশ কয়েকটি ক্ষত চিহ্ন আছে। রাস্তায় রক্তের দাগ দেখে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছি।’

পুলিশ বলছে, মুকুলকে মেরুত এলাকা থেকে টেনে আনা হয়েছে। তার লাশের পাশে ওই মোটরবাইকটি রাখা ছিল। এক প্রতিবেশীর কাছ থেকে দুদিন আগে সেটি ধার নেয় সে।

মুকুলের পরিবার জানিয়েছে, সে স্বভাবে খুবই লাজুক ছিল। কোনো শত্রু থাকার কথা নয়।

মুকুলের কাকা (চাচা) আজাদ ভির বলেন, ‘গত বছর ও লেখাপড়া শেষ করেছে। মায়ের সঙ্গেই থাকত। কীভাবে কী হল, বুঝতে পারছি না।’

পুলিশের ধারণা, অপহরণ কিংবা মুক্তিপণের জন্য এই হত্যাকাণ্ড হয়নি। বন্ধুদের সঙ্গে বিরোধের জেরে হতে পারে।

মুকুলের কললিস্ট খতিয়ে দেখা হচ্ছে।