নিয়োগ পরীক্ষায় প্রভাব খাটানোয় ইউজিসি সচিব খালেদ ওএসডি

নিয়োগ পরীক্ষায় প্রভাব খাটানোর অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. খালেদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার ইউজিসির পূর্ণ কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইউজিসি চেয়ারম্যানের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান।

কমিশন সূত্রে জানা গেছে, গত এপ্রিলে ইউজিসির সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার কমিটিতে ছিলেন সচিব মো. খালেদ। কিন্তু তার নিজের মেয়ে পরীক্ষার্থী হওয়ার পরও কমিশনকে না জানিয়ে তিনি কমিটিতে দায়িত্ব পালন করেন।

অভিযোগ উঠলে ওই ঘটনায় কমিশনের সাবেক সদস্য ড. মো. ইউসুফ আলী মোল্লাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি সচিবের বিরুদ্ধে প্রভাব খাটানোর প্রমাণ পায়।

এদিকে নিয়োগে বিধিবহির্ভূত প্রভাব খাটানোর বিষয়ে কমিশনের মঙ্গলবারের সভায় অধিকতর তদন্তের জন্য দুই সদস্যের আরেকটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।