অ্যাক্রোবেটিক স্টাইলে গোল ফিরিয়ে ভাইরাল মিসরীয় গোলকিপার (ভিডিও)

মিসরীয় প্রিমিয়ার লিগের ম্যাচে কসরত দেখিয়ে গোল ঠেকিয়ে সবার নজর কেড়েছেন গোলকিপার মাহমুদ গাদ। লিগে পিরামিডের বিপক্ষে ম্যাচে ইএনপিপিআই এসসি’র হয়ে এই নৈপুণ্য দেখান তিনি। অ্যাক্রোবেটিক স্টাইলে দুইবারের চেষ্টায় তার গোল ফেরানোর ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল!

ভিডিওতে দেখা যায়, প্রতিপক্ষের একটি আক্রমণ ব্যর্থ করতে ডি-বক্সের বাইরে এসে ঝাঁপিয়ে পড়ে বল মাঝ মাঠের কাছাকাছি পাঠিয়ে দেন মাহমুদ। তাতেও বিপদমুক্ত হয়নি দল।

মাঝ মাঠের বাঁ পাশ থেকে পিরামিডের এক খেলোয়াড়ের উঁচু করে নেওয়া শটে আবারও গোল হজম করতে বসেছিল ইএনপিপিআই। কিন্তু দমে যাননি দলটির গোলরক্ষক মাহমুদ। প্রথম প্রচেষ্টা শেষে দাঁড়িয়েই গোলপোস্টের দিকে দৌড় দেন তিনি। নিশানায় বল। এবারও দিলেন ঝাঁপ। গোলপোস্টের উপর দিয়ে বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। পরপর দুইবারের চেষ্টায় মাহমুদ দলকে যেভাবে বিপদমুক্ত তাতে সবার চোখ ছানাবড়া।

ভিডিওটি দেখে একজন লিখেছেন, এটা এখন পর্যন্ত তার দেখা সেরা ‘ডাবল সেভার’। অন্য একজন লিখেছেন, মিশরীয় এই গোলরক্ষকের কাছ থেকে ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডেরসনের অনেক কিছু শেখার আছে।

গোলটি ফিরিয়ে মাহমুদ নায়ক বনে গেলেও বড় পরাজয় এড়াতে পারেনি ইএনপিপিআই। ম্যাচটিতে পিরামিডের কাছে ৪-০ হার নিয়ে মাঠ ছাড়ে লিগের আঠারোতমস্থানে থাকা দলটি।