বিশ্ব চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি পাচ্ছেন টম হ্যাঙ্কস

বিশ্ব চলচ্চিত্রে অবদানের জন্য ৭৭তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আসরে সেসিল বি.ডেমিল পুরস্কার গ্রহণ করবেন হলিউডের ইতিহাসে অন্যতম সেরা অভিনেতা টম হ্যাঙ্কস। মঙ্গলবারে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন তথা এইচএফপিএ’র দেওয়া ঘোষণা উল্লেখ করে বিবিসি জানায়, জানুয়ারিতে এ সম্মাননা গ্রহণ করবেন ‘ফরেস্ট গাম্প’ তারকা।

এইচএফপিএ প্রেসিডেন্ট লরেঞ্জো সোরিয়া বলেন, “তিন দশকের বেশি সময় ধরে তিনি সমৃদ্ধ ও আনন্দদায়ক চরিত্রে অভিনয় করে দর্শকদের বিমোহিত করেছেন।” টম হ্যাঙ্কসের ক্যামেরার পেছনের কাজেরও উল্লেখ করেন তিনি। এই নায়ককে লেখক, প্রযোজক ও পরিচালকের ভূমিকায় দেখা গেছে।

চলচ্চিত্র শিল্পে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সেসিল বি.ডেমিল দিয়ে থাকে এইচএফপিএ। এর আগে জেফ ব্রিজেস, রবার্ট ডি নিরো, অড্রে হেপবার্ন, হ্যারিসন ফোর্ড, জোডি ফস্টার, সোফিয়া লরেন, সিডনি পয়টিয়ার, স্টিভেন স্পিলবার্গ, ডেনজেল ওয়াশিংটন ও রবিন উইলিয়ামসের মতো ব্যক্তিত্বরা এই সম্মাননা পান।

২০১৮ সালের ‘দ্য পোস্ট’সহ নয়টি ছবির জন্য গোল্ডেন গ্লোব মনোনয়ন পান হ্যাঙ্কস। এর মধ্যে বিগ, ফিলাডেলফিয়া, ফরেস্ট গাম্প ও কাস্ট অ্যাওয়ে’র জন্য পুরস্কার জেতেন। তিনি হলিউডের সেই দুই তারকার একজন যারা পরপর দুইবার অস্কার জিতেছেন। ১৯৯৪ সালে ‘ফিলাডেলফিয়া’ ছবির জন্য অস্কার পান। পরের বছর একই সম্মান এনে দেয় ‘ফরেস্ট গাম্প’।

সামনে মুক্তি পেতে যাচ্ছে ‘আ বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড’। এই ছবিতে টেলিভিশন ব্যক্তিত্ব মিস্টার রজার্সের চরিত্রে পা গলিয়েছেন টম হ্যাঙ্কস। ইতিমধ্যে প্রকাশিত ট্রেলারে প্রশংসা পেয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, এই ছবির জন্য একাধিক আসরে মনোনয়ন পাবেন।

গোল্ডেন গ্লোবের আসরে ২০২০ সালের ৫ জানুয়ারি সেসিল বি.ডেমিল অ্যাওয়ার্ড গ্রহণ করবেন টম হ্যাঙ্কস।