ব্যাগে করে ছুরি, লোহার চেন ও খেলনা বন্দুক নিয়ে স্কুলে চলে এসেছে ছাত্ররা। অনলাইন গেম পাবজির প্রভাবেই এমনটা ঘটেছে বলে জানা গেছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের উত্তরপ্রদেশের একটি সরকারি স্কুলের শিক্ষার্থী তারা।
মোরাদাবাদের একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের ৫ ছাত্রের ব্যাগ থেকে এসব ছুরি, লোহার চেন এবং খেলনা বন্দুক উদ্ধার হয়।
পাবজির প্রভাবেই স্কুলে এসব জিনিসপত্র নিয়ে আসে এই কিশোরেরা। পাঁচজনকেই এক সপ্তাহের জন্য বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ।
স্কুলের অধ্যক্ষ ব্রিজেশ কুমার জানান, অভিযুক্তরা সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পাবজির নেশায় পড়ে এমনটা করেছে তারা। অভিভাবক ডেকে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। পুনরায় এমন ঘটলে এদের স্কুল থেকে বহিষ্কার করা হবে।
স্কুল শিক্ষার্থীদের মধ্যে পাবজি আসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। অনলাইন গেমের প্রভাবে অনেক অপরাধমূলক কাজ করার প্রবণতাও বেড়ে যায়। সম্প্রতি বাবা পাবজি খেলায় বাধা দেওয়ায় নিজের বাবাকেই খুন করে এক কিশোর।