সেপ্টেম্বরের শুরু থেকে ভারতের বিভিন্ন রাজ্যে নতুন ট্রাফিক আইন চালু হয়েছে। এ নিয়ে সমালোচনার শেষ নেই। এবার গাড়ির ফার্স্ট এইড বক্সে কনডম না থাকায় জরিমানা করা হচ্ছে চালকদের, এমন খবরে বিস্মিত মানুষ।
জি নিউজ জানায়, সম্প্রতি ট্রাফিক আইন ভাঙার অপরাধে ২৩ হাজার থেকে প্রায় ৮০ হাজার রুপি পর্যন্ত জরিমানার বেশ কয়েকটি ঘটনাও সামনে এসেছে। শুধু তাই নয়, সংশোধিত ট্রাফিক আইন অনুযায়ী, লুঙ্গি পরে ট্রাক চালালে ২০০০-৫০০০ রুপি জরিমানা গুনতে হচ্ছে চালকদের।
একের পর এক নতুন ট্রাফিক আইনের পাল্লায় পড়ে অতিষ্ঠ চালকদের সামনে এল নতুন এক নিয়ম। গাড়ির ফার্স্ট এইড বক্সে কনডম না থাকলে জরিমানার মুখে পড়তে হচ্ছে চালকদের।
সংবাদ সংস্থা এএনআই-কে দিল্লির ক্যাব চালকেরা জানিয়েছেন, গাড়ির ফার্স্ট এইড বক্সে কনডম না থাকলেই জরিমানা করছে ট্রাফিক পুলিশ। গাড়ির ফার্স্ট এইড বক্সে কনডম কেন রাখার নির্দেশ দেওয়া হচ্ছে, তার কারণ অবশ্য স্পষ্ট নয় ক্যাব চালকদের কাছে।
এ ছাড়া ট্রাফিক আইনে ফার্স্ট এইড বক্সে কী কী থাকা উচিত সেখানেও নাই কনডমের নাম। তবে গাড়ির গোলযোগ বিশেষ করে পাইপ লিক হয়ে গেলে কিংবা দুর্ঘটনায় ক্ষতস্থান থেকে রক্ত বন্ধ করতে তারা কনডম রেখে থাকেন। কিন্তু কনডম না রাখায় এ প্রথম জরিমানার সম্মুখীন হলেন তারা।
যদিও দিল্লি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ক্যাব চালকদের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানানো হয়েছে। তারা জানান, এমন কোনো ঘটনাই ঘটেনি।