শুদ্ধি অভিযানের নামে ধরা হচ্ছে কাঁচকি মাছ: রিজভী

আওয়ামী লীগ সরকার বড় বড় কেলেঙ্কারিতে ধরা খাওয়ার পর বিএনপির ওপর সব সময় দোষ চাপায় দাবি করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারা একেক সময় একেক কথা বলেন। মন্ত্রীদের বক্তব্য শুনে মনে হয়, তাদের ভেতরে বড় ধরনের কোনো ঘাপলা রয়েছে, যে ঘাপলা এখনো উন্মোচিত হয়নি।

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমরা আগেও বলেছি, এখনো বলছি এসব অভিযোগ সব লোক দেখানো, আইওয়াশ মাত্র। তথাকথিত শুদ্ধি অভিযানের নামে ধরা হচ্ছে কাঁচকি মাছ। দুর্নীতির রাঘববোয়ালদের টিকিটিও স্পর্শ করতে পারেনি। দুর্নীতি ও লুটপাটের গডফাদাররাই এখনো নিয়ন্ত্রণ করছে সবকিছু। তাদের ধরতে পারলে দেখা যাবে একেকজনের ভান্ডারে একেকটি টাকার ব্যাংক আছে।

তিনি বলেন, বাংলাদেশে এখন প্রতিদিন ক্ষমতাসীন দলের ছোটখাটো নেতাদের ঘরে ঘরে অবৈধ টাকার খনি আবিষ্কৃত হচ্ছে। তাদের এত টাকা হয়েছে যে, টাকা লুকানোরও জায়গা পাচ্ছেন না।

রিজভী বলেন, তারা বলে ক্যাসিনো নাকি চালু করেছিলেন জিয়াউর রহমান, আবার কদিন পর বলে ক্যাসিনো চালু করেছেন মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, মোসাদ্দেক হোসেন ফালুরা। তারা যে মিথ্যা বলে তা তারা নিজেরাই প্রমাণ করে দেয়।

রিজভী বলেছেন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর চেয়ে মিথ্যাচার বেশি করতে না পারলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের মন্ত্রিত্ব থাকবে না। এ জন্যই তিনি এসব মিথ্যা বলে বেড়াচ্ছেন। দুর্নীতি ও হরিলুটের কুৎসিত চেহারাগুলো বের হয়ে যাওয়াতে প্রধানমন্ত্রীর গোপাল ভাঁড় তথ্যমন্ত্রী অন্ধের প্রলাপ বকছেন।