গুলিস্তান ও মতিঝিলে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর মতিঝিল ও গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে শতাধিক টংঘর ও অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ।

ডিএসসিসি কর্মকর্তারা জানান, নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে গুলিস্থান এলাকায় ফনিক্স রোডের ওসমানী উদ্যানের দক্ষিণ পার্শ্বে গোলাপ শাহ মাজার হতে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ভাতের হোটেল, ফলের দোকান, জুতার দোকানসহ ৫৫টি দোকান উচ্ছেদ করে।

এছাড়া মতিঝিলের ইসলাম টাওয়ারের পশ্চিম ও দক্ষিণ পাশের রাস্তা ও ফুটপাতের ওপর অবৈধ দোকান, কাপড়, জুতা, ফলের জুস, ভাতের হোটেল, মসলার দোকানসহ আরও ৬০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ অভিযান চলমান থাকবে বলেও জানান ডিএসসিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।