বশেমুরবিপ্রবিতে ইউজিসির পাঁচ সদস্যদের তদন্ত দল

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সার্বিক অবস্থা পর্যবেক্ষণে বিশ্ববিদ্যালয়টিতে পৌঁছেছেন ইউজিসির তদন্ত দল। বুধবার বিকেলে তদন্ত দলের প্রধান ড. মো. আলমগীর হোসেনসহ অন্যান্য সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছান।

তদন্ত দলের অন্য সদস্যরা হলেন- ইউজিসির সদস্য ড. সাজ্জাদ হোসেন, ড. দিল আফরোজ বেগম, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালক কামাল হোসেন ও কমিটির সদস্যসচিব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মৌরি আজাদ।

তদন্ত কমিটির প্রধান কমিশনের সদস্য অধ্যাপক আলমগীর হোসেন বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি তদন্তের জন্য এসেছি। শিক্ষার্থী-শিক্ষক সবার সঙ্গে আমরা কথা বলব। বিশ্ববিদ্যালয়টিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য যা করণীয় তা করার জন্য এসেছি।

এদিকে অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে বুধবার টানা ৭ম দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত আছে। এদিন বেসরকারি টেলিভিশন যমুনাকে উপাচার্যের দেয়া এক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে সংবাদ সম্মেলন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এছাড়া, বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের জয়বাংলা চত্বর থেকে ভিসির পদত্যাগ দাবি করে একটি ঝাড়ু মিছিল শুরু হয়ে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, ‘ঝাড়ু দিয়ে যেমন সকল ময়লা আবর্জনা দূর করা হয়। তেমনি আমরাও আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আবর্জনা, দুর্নীতি ও নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত পদত্যাগের দাবিতে এই মিছিল করেছি’।

গত মঙ্গলবার বেসরকারি টেলিভিশন যমুনাকে সাক্ষাৎকার দেয়ার সময় ছাত্র-ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করায় ওই দিন সন্ধ্যা ৬টার দিকে ঝাড়ু ও জুতা মিছিল করে প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী ছাত্রীরা।