কলেজ ছাত্রলীগ সম্পাদকের বিরুদ্ধে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ সম্পাদক হাসান আহমেদের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে।

সোমবার সন্ধ্যায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রী অপহরণ হয়। এই ঘটনায় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমদ (২২), ও তার মা বোনসহ ৫ জনের নামে মঙ্গলবার রাতে কমলগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন ছাত্রীর বাবা।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, উপজেলার বালিগাঁও গ্রামের ইকবাল আহমদের মেয়ে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ওই ছাত্রী বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমদের নেতৃত্বে স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।

হাসান আহমদ কমলগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের বাল্লরপাড় গ্রামের আব্দুর রকিবের ছেলে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদি হয়ে হাসান আহমদ, তার মা মততা বেগম, বোন জোৎন্সা বেগম, নাহিদ মিয়া, ও বদরুল মিয়াকে আসামি করে কমলগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সম্পাদক শাকের আলী সজীব জানান, বিষয়টি নিন্দনীয়, আলোচনা করে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহন করা হবে।  

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।