ভারতে অনূর্ধ্ব-২৩ দলের সিরিজ হার

জাতীয় দলের পাইপ লাইন সচল রাখতে ‘এ’ দল, অনূর্ধ্ব-২৩ দল, অনূর্ধ্ব-১৯ দলকে ব্যস্ত রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিনটি দলই এই মুহূর্তে বিদেশ সফর করছে। ভারত অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল এখন ভারতে। তবে সাইফ হাসানের নেতৃত্বাধীন দল এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরেছে।

বুধবার চতুর্থ একদিনের ম্যাচটিতে ৪ উইকেটে হেরেছে সাইফ হাসানরা। আগের তিন ম্যাচে ভারত জিতেছিল দুটিতে, বাংলাদেশ একটি। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না সাইফদের। সেই লক্ষ্যে লক্ষ্মৌর ইকানা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

সিরিজে এই প্রথম ম্যাচ হয় বৃষ্টির বাধাহীন। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২০১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। জবাবে প্রিয়ম গর্গের অপরাজিত ১১১ রানে ৭.৪ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে ভারতীয়রা।

টপ অর্ডার ব্যাটিং ব্যর্থতাই বাংলাদেশের এই হারের মূল কারণ। উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসান ২৭ রান করেন। মেহেদী (২), ইয়াসির আলী (১), জাকির হোসেন ছিলেন ব্যর্থ (০)।

মিডল অর্ডারে আরিফুল হক ৪৪ রান করেন। আল আমিনের ব্যাট থেকে আসে ৪০ রান। মাহিদুল ইসলাম অঙ্কন অপরাজিত ৫১ রান করেন। এই তিনের ব্যাটেই মোটামুটি একটা পুঁজি পেয়েছিল সফরকারীরা।