আওয়ামী লীগ সরকার বড় বড় কেলেঙ্কারিতে ধরা খাওয়ার পর বিএনপির ওপর সব সময় দোষ চাপায় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘মন্ত্রীদের বক্তব্য শুনে মনে হয়, তাদের ভেতরে বড় ধরনের কোনো ঘাপলা রয়েছে, যে ঘাপলা এখনো উন্মোচিত হয়নি।’ গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনো বলছি এসব অভিযান সব লোকদেখানো, আইওয়াশ মাত্র। তথাকথিত শুদ্ধি অভিযানের নামে ধরা হচ্ছে কাচকি মাছ। দুর্নীতির রাঘব বোয়ালদের টিকিটিও স্পর্শ করতে পারেনি। দুর্নীতি ও লুটপাটের গডফাদাররাই এখনো নিয়ন্ত্রণ করছে সবকিছু। তাদের ধরতে পারলে দেখা যাবে একেকজনের ভাণ্ডারে একেকটি টাকার ব্যাংক আছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে এখন প্রতিদিন ক্ষমতাসীন দলের ছোটখাটো নেতাদের ঘরে ঘরে অবৈধ টাকার খনি আবিষ্কৃত হচ্ছে। তাদের এত টাকা হয়েছে যে টাকা লুকানোরও জায়গা পাচ্ছে না।’