জিতলেও মেসির ইনজুরি ভাবাচ্ছে বার্সাকে

ভিয়ারিয়ালের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে বার্সেলোনা। কিন্তু অস্বস্তির কাঁটা হয়ে বিঁধছে লিওনেল মেসির ইনজুরি। মৌসুমের শুরুতেই ইনজুরির কারণে কয়েকটা ম্যাচ খেলতে পারেননি তিনি। আগের সপ্তাহের মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চলতি মৌসুমে প্রথম মাঠে নামেন। লা লিগায় প্রথমবার নামেন শনিবার গ্রানাডার বিপক্ষে, প্রথমার্ধের পর। আর মঙ্গলবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে আবার মাঠে নেমেছিলেন, এবার প্রথম একাদশ থেকেই। কিন্তু প্রথমার্ধের ২৮ মিনিটের মাথায় বাঁ থাই ইনজুরিতে পড়েন। কিছুক্ষণ মাঠে থাকলেও দ্বিতীয়ার্ধে মেসির বদলি হিসেবে নামেন ওসমান দেম্বেলে।

মৌসুমের শুরুতে গোড়ালির ইনজুরির কারণে কয়েকটা ম্যাচ খেলতে পারেননি আর্জেন্টাইন তারকা। তার অনুপস্থিতির কারণে বার্সেলোনা মৌসুমটা ভালোভাবে শুরু করতে পারেনি। লা লিগায় গ্রানাডার বিপক্ষে হেরেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করে বার্সা। তবে সোমবার মিলান থেকে বর্ষসেরা ফুটবলারের মর্যাদা নিয়ে আসা মেসি মঙ্গলবার খেলতে নামায় উজ্জীবিত বার্সেলোনা ২-১ গোলে হারাতে পেরেছে ভিয়ারিয়ালকে। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছে তারা। কিন্তু পয়েন্ট পেলেও মেসির ইনজুরি যে দুশ্চিন্তায় রেখেছে এর্নেস্তো ভালভের্দেকে তা ম্যাচ শেষে বার্সা কোচের কথাতেই পরিষ্কার, ‘যখন মেসিকে নিয়ে কিছু হয় তখন যেন পৃথিবী থমকে যায়। কেবল মাঠই নয় গ্যালারিও স্তব্ধ হয়ে যায়। যদিও এটা ছোট সমস্যা (থাই ইনজুরি)। তবে আমরা মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। বড় কিছু না হলেও আমরা বুধবার পর্যন্ত ব্যাপারটা নজরে রাখতে চাই।’

পুরোপুরি সেরে ওঠার জন্য মেসি অবশ্য হাতে কয়েক দিন সময় পাবেন। লা লিগায় বার্সেলোনার পরের ম্যাচ গেতাফের সঙ্গে শনিবার। এর চার দিন পর চ্যাম্পিয়ন্স লিগে ইন্তার মিলানের বিপক্ষে খেলবে কাতালানরা। আশা করা যায় ততদিনে পুরো সুস্থ হয়ে উঠবেন ছয়বারের বর্ষসেরা মেসি। ন্যু ক্যাম্পে মঙ্গলবার প্রথমার্ধের ৬ মিনিটে আন্তনিও গ্রিজমানের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। মেসির অসাধারণ কর্নার কিক থেকে হেডে গোল করেন গ্রিজমান। এরপর ১৫তম মিনিটে বুসকেটসের বাড়ানো পাসে বার্সার পক্ষে দ্বিতীয় গোল করেন আর্থার মেলো। ২২ মিনিটে একটা সহজ সুযোগ মিস করেন গ্রিজমান। ম্যাচের ২৮ মিনিটের সময় থাই ইনজুরির কারণে মাঠ ছাড়েন মেসি। চার মিনিট পর আবার মাঠে ফিরেছিলেন তিনি। কিন্তু দ্বিতীয়ার্ধে তিনি আর খেলতে পারেননি। ভিয়ারিয়ালের পক্ষে প্রথমার্ধের ৪৪ মিনিটে প্রথম গোল করেন সান্তি কাজোরলা।

গেতাফের কাছে ২-০ গোলে হারার দিনে ৫ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ছিল ৭। এমন বাজে শুরু ১৯৯৫ সালের পর আর করেনি কাতালানরা। মঙ্গলবার ভিয়ারিয়ালের বিপক্ষে জেতার পর গ্রিজমান বলেছেন, ‘আমরা এখন নিজেদের সেরা অবস্থা থেকে অনেক দূরে। কিন্তু যত ম্যাচ খেলা হচ্ছে তত আমারা সবক্ষেত্রে উন্নতি করছি।’ নিজের পারফরম্যান্স সম্পর্কে গ্রিজমানের মন্তব্য, ‘আমি খুব একটা খারাপ ফর্মে নেই। তিন গোল করেছি। অবশ্য আমি আরও ভালো খেলতে পারি। চেষ্টা করছি। দেখা যাক কী হয়।’ গেতাফের বিপক্ষে শনিবার আবার গোলের খোঁজে নামবেন গ্রিজমান। তিনি গোল পেলে শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে পারবে বার্সেলোনাও।