সাকিব আল হাসানের পর লিটন দাসকেও সিপিএলে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। গতকালই লিটন দাসের অনাপত্তিপত্র পাওয়ার কথা সংবাদমাধ্যমকে জানানো হয় বিসিবির পক্ষ থেকে। লিটন ওই টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। যে দলে আছেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেলদের মতো তারকা।
টুর্নামেন্টে জ্যামাইকার মাত্র দুটি ম্যাচ বাকি। ছয় দলের মধ্যে ৮ ম্যাচে ২ জয় নিয়ে তালিকার তলানিতে দলটি। মৌসুমে আর দুটি ম্যাচ বাকি তাদের। আগামী শনিবার সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে ম্যাচেই নামতে পারেন লিটন। শেষ ম্যাচটি ৪ অক্টোবর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। বাংলাদেশের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে সিপিএল খেলার সুযোগ পেলেন লিটন। এর আগে সাকিব, তামিম ও মাহমুদউল্লাহ টুর্নামেন্টে খেলেছিলেন। দলে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি মেহেদী হাসান মিরাজের। আর পঞ্চম হিসেবে সুযোগ পেয়েছিলেন আফিফ হোসেন। কিন্তু সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ডাক পাওয়া এই তরুণকে ছাড়পত্র দেয়নি বোর্ড।