গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। গতকাল বুধবার এ মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও বিএনপির চেয়ারপারসন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।
বিষয়টি আইনজীবীরা অবগত করলে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ দিলজার হোসেন শুনানি মুলতবি করে ২৭ অক্টোবর দিন ধার্য করেন। এ মামলার বিচারকাজ কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের একটি ভবনে স্থাপিত অস্থায়ী আদালতে চলছে।
নাশকতার মামলায় প্রতিবেদন দাখিলের সময় পেছাল : গুলশানে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার অভিযোগে নাশকতার মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।
গতকাল বুধবার প্রতিবেদন দাখিলের ধার্য দিনে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেবদার চন্দ্র অধিকারী নতুন করে এ দিন ধার্য করেন।
অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ আয়োজিত বিএনপির চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করতে সংগঠনের নেতাকর্মীরা গুলশানে সমবেত হন। সমাবেশ শেষে শাজাহান খানের নেতৃত্বে মিছিলসহযোগে কার্যালয় অভিমুখে রওনা হলে মিছিলকারীর ওপর বোমা হামলার ঘটনা ঘটে।’