ষোলো ম্যাচ পর ঘরের মাঠে হারল পিএসজি

একাদশে ছিলেন তারকা ফরোয়ার্ড নেইমার। কিন্তু তাতেও স্তাদে রেইমসের বিপক্ষে হার এড়াতে পারল না পিএসজি। দীর্ঘ ষোলো মাস পর ঘরের মাঠে হারের তেতো স্বাদ পেতে হয়েছে তাদের।

পার্ক দে প্রিন্সেসে বুধবার রাতে লিগ ওয়ানের ম্যাচটিতে অতিথিদের কাছে ২-০ গোলে হারে পিএসজি। লিগে ঘরের মাঠে দলটি সবশেষ হেরেছিল গত বছরের মে মাসে রেনের বিপক্ষে। এরপর ২২ বার ঘরের মাঠে খেলতে নেমে একবারও হারেনি তারা। এর মধ্যে ২০ ম্যাচে এসেছে জয়, ড্র হয়েছে অন্য দুই ম্যাচ।

২৯তম মিনিটে শিরোপাধারীদের হতবাক করে দিয়ে এগিয়ে যায় রেইমস। সতীর্থের কর্নারে হেডে বল জালে পাঠান ফরাসি মিডফিল্ডার কামারা।

৪৪তম মিনিটে আরেকটি ধাক্কা খায় পিএসজি। চোট পেয়ে মাঠ ছাড়েন ক্যামেরুনের ফরোয়ার্ড এরিক মাক্সিম চুপো-মোটিং। চোটের কারণে আগে থেকেই দলের বাইরে আছেন আক্রমণভাগের দুই তারকা কিলিয়ান এমবাপে ও এদিনসন কাভানি। নেইমার একা দলের আক্রমণভাগের চাহিদা পূরণ করতে পারেননি।

দ্বিতীয়ার্ধে পিএসজির হয়ে সমতাসূচক গোলটা প্রায় পেয়েই গিয়েছিলেন আর্জেন্টাইন উইঙ্গার আনহেল ডি মারিয়া। বক্সের বাইরে থেকে তার নেওয়া বাঁ পায়ের শট দারুণভাবে ঠেকিয়ে দেন রেইমস গোলকিপার।

নির্ধারিত সময়ের চার মিনিট আগে নেইমারের পাসে বক্সের একটু বাইরে বল পেয়েছিলেন ডি মারিয়া। এবারও তাকে হতাশ করেন রাজকোভিচ।

৯৪ মিনিটে পিএসজির কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন বুলায়ে দিয়া। থমাস ফকেটের বাড়ানো বলে দিয়ার দুর্দান্ত এক বাইসাইকেল কিক জালে জড়ালেই জয়ের উল্লাসে মেতে ওঠে রেইমস।

টানা ৪৪ ম্যাচ পর ফ্রেঞ্চ লিগের ম্যাচে কোনো গোল পেলো না পিএসজি। এই হারের পরেও সাত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।