মুন্সীগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নজরুল ইসলাম (১৮) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বড় পাউলদিয়া এলাকার মোল্লাবাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

এদিকে সিরাজদীখান বাজার সংলগ্ন সিরাজের গ্যারেজ থেকে নজরুলের ইজিবাইক উদ্ধার করে। এ ঘটনায় নুর আলী ও জাহিদ হোসেন নামে দুইজনকে আটক করা হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে ইজিবাইক ছিনতাই করে চালক নজরুল ইসলামকে হত্যা করে দুষ্কৃতকারীরা।

ইজিবাইক চালক নজরুল ইসলাম উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর ঘোড়ামারা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। আটক নুর আলী খান একই উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের ইফাজ উদ্দিনের ছেলে ও জাহিদ হোসেন লতব্দী ইউনিয়নের কয়রাখোলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

সিনিয়র পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) মো. রাজিবুল ইসলাম জানান, বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে বের হন ইজিবাইক চালক নজরুল। রাতে তিনি বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে স্বজনরা জানতে পারেন স্থানীয় চিহ্নিত চোর নুর আলী ও তার সঙ্গীয় বেশ কয়েকজন ইজিবাইক চালক নজরুলকে ডেকে নিয়ে গেছেন। এরপর বৃহস্পতিবার ভোর ৫টার দিকে স্থানীয়রা সন্দেহভাজন নুর আলী ও জাহিদ হোসেনকে আটক পুলিশের হাতে তুলে দেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে নুর আলীর স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার বড় পাউলদিয়া এলাকার মোল্লাবাড়ির পুকুর থেকে ইজিবাইক চালক নজরুল ইসলামের লাশ উদ্ধার ও সিরাজদীখান বাজার সংলগ্ন সিরাজের গ্যারেজ থেকে ইজিবাইক উদ্ধার করে পুলিশ। নিহত নজরুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জের মর্গে পাঠানো হয়েছে।