ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে অভিযান চালানো ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাবের চেয়ারম্যান স্থানীয় এমপি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
ইয়ংমেনস ক্লাবের ক্যাসিনো প্রসঙ্গে জানতে চাইলে রাশেদ খান মেনন বলেন, ‘এটা আলংকারিক পদ, দায়িত্বের পদ না। আমি তো বলেছি, এক দিনই আমি ক্লাবে গিয়েছি, ফিতা কেটেছি, ওই দিনই শেষ। এতে যদি আমার গায়ে কালিমা লাগে, লাগবে।’
বৃহস্পতিবার সাড়ে ১১টার পর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে ১৪ দলের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
স্থানীয় এমপি হিসেবে ক্লাবের কার্যক্রম সম্পর্কে তার জানা উচিত ছিল কি না- এমন প্রশ্নের জবাবে মেনন বলেন, ‘প্রশাসনের কেউই জানল না, আমি সংসদ সদস্য হিসেবে সব জেনে ফেলব, ব্যাপারটা কি এতই সহজ?’
১৮ সেপ্টেম্বর ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাবে অভিযান চালায় র্যাব। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ উদ্ধারসহ ১৪২ জনকে আটক করে র্যাব। এই ক্লাবের সভাপতি ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া।