রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তের দ্রুত বিচার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার দিবাগত রাতে আবাসিক হল প্রাধ্যক্ষ বিথীকা বণিকের বাসায় তার ভাইয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া যায়।
এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন।
বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান শিক্ষার্থীদের দাবির বিষয়ে ব্যবস্থা নিতে রোববার সকাল ১০টা পর্যন্ত সময় চান।
পরবর্তীতে দুপুর ২টার দিকে তারা আন্দোলন স্থগিত করেন।
এ ঘটনায় বুধবার প্রাধ্যক্ষ বিথীকা বণিকের অভিযুক্ত ভাই শ্যামল বণিককে গ্রেপ্তার করেছে মতিহার থানা পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে বলে পুলিশ জানায়।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েক শ শিক্ষার্থী কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। সেখান থেকে তারা বঙ্গমাতা হলের সামনে গিয়ে অভিযুক্তের বিচার দাবি, হল প্রাধ্যক্ষের পদত্যাগসহ কয়েক দফা দাবিতে স্লোগান দিতে থাকেন।
কিছুক্ষণ পর শিক্ষার্থীরা বঙ্গমাতা হল থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীরা একইসঙ্গে দ্রুত হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করেন।