টাঙ্গাইলের সখীপুরে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে (১২) প্রতিবেশী বাবুল হোসেন নয়নের (২৪) বিরুদ্ধে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার প্রতিমাবংকী গ্রামে এ ঘটনা ঘটে।
বুধবার অপহৃতা মেয়েটি উদ্ধার হলে ওইদিন রাতেই মেয়েটির মা বাদী হয়ে প্রতিবেশী বাবুল হোসেন নয়নসহ তিনজনকে আসামি করে সখীপুর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। বৃহস্পতিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে উপজেলার প্রতীমাবংকী গ্রামের গোল্ডেন লাইফ কিন্ডার গার্ডেনের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ওই স্কুল ছাত্রী প্রতিমাবংকী বাজারের পূর্বপাশে তুলাতলা ব্রিজের কাছে এসে পৌঁছলে প্রতিবেশী বাবুল হোসেন নয়ন ও তার সঙ্গীরা জোরপূর্বক মেয়েটিকে গাড়িতে উঠিয়ে নেয়।
পরে ওই মেয়েটিকে কক্সবাজার নিয়ে এক হোটেলে আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরে গত ২৫ সেপ্টেম্বর বুধবার সকালে মেয়েটিকে টাঙ্গাইল ডিসি পার্কে রেখে কৌশলে বাবুল পালিয়ে যায়। পরে মেয়েটি তার মাকে মুঠোফোনে বিস্তারিত জানালে পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আসাদুজ্জামান মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচ এম লুৎফুল কবির বলেন- থানায় শিশু অপহরণ ও ধর্ষণ মামলা হয়েছে। মামলার প্রধান আসামি বাবুল হোসেন নয়নসহ অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।