বকশীগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ কিশোরের বিরুদ্ধে

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে অভিযুক্ত কিশোরকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। পরে নির্যাতিতা ওই স্কুল ছাত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

থানায় মামলা সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ ব্যাপারী গ্রামের দুলাল মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৬) পার্শ্ববর্তী পশ্চিম ব্যাপারীপাড়া গ্রামের এক কৃষকের নবম শ্রেণি পড়ুয়া মেয়ের (১৫) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে।

এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে রফিকুল ইসলাম। গত বুধবার রাতেও ওই মেয়েকে নিজ বাড়িতে ডেকে এনে ধর্ষণ করে রফিকুল।

এ খবর জানাজানি হলে বকশীগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার সকালে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলামকে আটক করে। এ ঘটনায় নির্যাতিতা ওই স্কুল ছাত্রী বাদী হয়ে বৃহস্পতিবার বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী জানান, ধর্ষণে অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করে কিশোর আদালতে প্রেরণ করা করা হয়েছে। একই সঙ্গে ওই স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।