কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মাতপুর গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার আ.লীগ সমর্থিত দুপক্ষের সংঘর্ষে আজিম মণ্ডল (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ ও প্রতিপক্ষ আবু বক্কর গ্র“পের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দুপক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় আবদুল মজিদের সমর্থক আজি মণ্ডলকে প্রতিপক্ষের লোকজন স্থানীয় একটি গোরস্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি জাহাঙ্গীর আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপক্ষের সংঘর্ষ বাধলে ধারালো অস্ত্রের আঘাতে আজিম নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা সংঘর্ষ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের আটক করতে অভিযান চলছে।
এর আগেও এই দুপক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও হত্যাকা-ের ঘটনা ঘটেছে। এ ছাড়া বিবদমান এই দ্বন্দ্ব মেটাতে একাধিকবার রাজনৈতিক নেতা, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়। কিন্তু কোনো উদ্যোগের সুফলই স্থায়ী হয়নি বলে জানায় ভুক্তভোগী এলাকাসী।