নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৭টি কারখানাকে সোয়া ৩ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ৫টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জানা গেছে, অভিযানে রূপসী ডায়িং ও কারখানাকে ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি ৯৭ লাখ ৬৮ হাজার ৬৪০ টাকা, মেসার্স ফজর আলী ডায়িং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানাকে ৭০ লাখ ৩৩ হাজার ৪৪০ টাকা, মেসার্স জি এম ডায়িং স্কিন প্রিন্ট কারখানাকে ২৪ লাখ ৪০ হাজার ৯৬ টাকা, বরকত ডায়িং কারখানাকে ২ লাখ ৬১ হাজার ৪৪০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই মালিকের তিন প্রতিষ্ঠান বোম্বে ডায়িং অ্যান্ড বোম্বে ফেব্রিক্স ও আল মোজাদ্দিদ রি রোলি মিলকে ক্ষতিপূরণ হিসেবে ১৯ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট ইউনিটের পরিচালক রুবিনা ফেরদৌসী ও উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযানে অংশ নেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাঈদ আনোয়ারসহ অন্যান্য কর্মকর্তা এবং পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।