ডেইরি ফার্ম গেটের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনের ডেইরি ফার্ম গেটের পাশ থেকে রবিউল ইসলাম রবিন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। আশুলিয়ার মোল্লাপাড়া এলাকার মৃত রহমান মিয়ার ছেলে রবিন হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার ছিলেন।

আশুলিয়া থানার এসআই এমদাদুল হক জানান, সকালে পথচারীরা রাস্তার পাশে মরদেহ দেখে পুলিশকে জানায়। পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতের বুক, মাথা, চোখ ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।