হোটেল থেকে ঝাঁপ দিলেন ব্যবসায়ী, আত্মহত্যার দৃশ্য ভিডিওতে ব্যস্ত মানুষ

হাতে হাতে স্মার্টফোন এবং সহজলভ্য ইন্টারনেটের কারণে সবকিছু ভাইরাল করার মানসিকতায় এখন মানুষের। মৃত্যুর মুহূর্ত পর্যন্ত মোবাইলে ধারণ করে নিতে দেরি হয় না অনেকের।

এক ব্যক্তি উঁচু ভবন থেকে আত্মহত্যা করছেন, আর নিচ থেকে স্মার্টফোন দিয়ে সেই দৃশ্য ভিডিও করছিল মানুষ। বুধবার এমনটাই ঘটেছে ভারতের গুজরাটের ভালসাদ জেলায়।

টাইমস অব ইন্ডিয়া জানায়, হোটেলের উঁচুতলা থেকে ঝাঁপ দিয়ে রাস্তায় পড়লেন এক ব্যবসায়ী। থেঁতলে যাওয়া শরীরের প্রাণ বের হয়ে যাওয়ার সেই দৃশ্য ধারণ করছিল আশপাশের মানুষ। তাকে বাঁচাতে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার তাড়নাও অনুভব করলেন না কেউ। 

পুলিশ জানায়, ৫১ বছর বয়সী ওই ব্যবসায়ী ভালসাদের এক হোটেলের টপ ফ্লোর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। যদিও, অন্যান্য যাবতীয় সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন পুলিশকে জানান, ওই ব্যবসায়ীকে হোটেলের ছাদে উঠতে দেখা যায়। তিনি যখন ঝাঁপ দেওয়ার তোড়জোড় করছিলেন, তখন হোটেলের বাইরে রাস্তা থেকে কেউ কেউ চিত্‍‌কার করেন।

পথচারীরা কৌতূহলে দাঁড়িয়ে পড়েন। তাদের অনেকেই পকেট থেকে মোবাইল বের করে পুরো আত্মহত্যার ঘটনাটির ভিডিও ধারণ শুরু করে দেন।

কয়েক মিনিটের মাথায় রাস্তায় তখন রক্তের স্রোত। মুখ থুবড়ে পড়া শরীরে তখনো প্রাণ ছিল। যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে হয়তো বা বেঁচেও যেতে পারতেন।

কিন্তু তাকে ঘিরে থাকা আশপাশের একটি মানুষও সেই চেষ্টা করেনি। এমনকি পুলিশকে তারা ফোন করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করতে দেখা যায় অনেককে।

খবর পেয়ে পুলিশ যখন আসে, ততক্ষণে প্রায় নিস্তেজ সেই ব্যবসায়ী। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু ঘটে।