রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট: সাকিব

বেশ কিছু দিন ধরে ক্রিকেটে সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। এর শুরু ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে। এরপর শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ; ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে হার। আশানুরূপ ছিল না ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পারফরম্যান্সও। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট একটা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

খারাপ সময় কাটিয়ে দ্রুতই দল আগের মতো ভালো ক্রিকেট খেলবে বলে দৃঢ় বিশ্বাস সাকিবের। যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অ্যাওয়ার্ড প্রদানে ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে সাকিব এসব মন্তব্য করেন এই অলরাউন্ডার। সাকিব বর্তমানে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করছেন।

বাংলাদেশ দলের বর্তমান অবস্থা নিয়ে সাকিব বলেন, “আমরা বিশ্বাস করি, বাংলাদেশ টিম একটি ভালো টিম। এ ধরনের টিমের জন্য কখনো কখনো রূপান্তরের অবস্থা থাকে এবং এখন আমরা সেই অবস্থায় রূপান্তর রয়েছি।”

“খারাপ অবস্থা কাটিয়ে উঠতে বেশি দিন লাগবে না এবং আমরা আগের মতোই ভালো খেলতে শুরু করবে।”

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) বাংলাদেশে যুব সমাজের দক্ষতা উন্নয়নে বিশাল সাফল্য অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতিসংঘ প্লাজায় ইউনিসেফ নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এওয়ার্ড তুলে দেন।

বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে কিছু বলার জন্য প্রধানমন্ত্রী অনুরোধ জানানোর পরে সাকিব আশার কথা শোনান।

সাকিব বলেন, বৃষ্টির কারণে টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হয়নি। যদি ফাইনাল অনুষ্ঠিত হতো তাহলে পরিস্থিতি আমাদের টিমের অনুকূলে থাকত।

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপসহ বাংলাদেশের সামনে দুটি বিশ্বকাপ। সবাই আমাদের জন্য দোয়া করুন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আমরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারব।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে বাংলাদেশের অসামান্য উন্নয়নের কথা উল্লেখ করে সাকিব বলেন, “আমরা সকলে বাংলাদেশের এই অগ্রযাত্রাকে এগিয়ে নেব।”

সাকিবের সামনে এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের খেলা। বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলবেন তিনি।