সার্ক বৈঠকে পরস্পরকে বয়কট পাক-ভারত পররাষ্ট্রমন্ত্রীর

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে হওয়া সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে পরস্পরকে বয়কট করল ভারত-পাকিস্তান।

ডন ও টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের বক্তব্যের সময় উপস্থিত থাকলেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

জয়শংকর বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার পর বৈঠকে ঢোকেন পাকমন্ত্রী। এরপর তিনি বক্তব্য রাখার সময় জয়শংকরও আর বৈঠকে ফিরলেন না।

গত বছরই দুই দেশের মধ্যে এমন স্নায়ুযুদ্ধ শুরু হয়েছিল। পাক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আগে বেরিয়ে গিয়েছিলেন ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এবারও একই দৃশ্য দেখা গেল।

বৈঠকে পাকিস্তানের নাম উল্লেখ না করে জয়শংকর বলেন, “পারস্পরিক সমঝোতার জন্য প্রাথমিক শর্ত হল সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলা। এই অঞ্চলের টিকে থাকার জন্যও এটা জরুরি।”

এদিকে কোরেশিও সাংবাদিকদের বলেন, “কাশ্মীরিদের হত্যাকারীদের সঙ্গে বসা সম্ভব না।”

পাকিস্তানের এক মুখপাত্র এ প্রসঙ্গে বলেন, “কাশ্মীরের কসাইয়ের’ সঙ্গে পাকিস্তানের কোনো আলোচনা নেই, যতক্ষণ না তারা (ভারত) কাশ্মীরের অধিগ্রহণ ছেড়ে দেয়।”