১০ বছর অপেক্ষার পর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সিরিজ দেখতে পারছেন পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। মাঠে গিয়ে এই স্মরণীয় মুহূর্তের সাক্ষী হওয়ার চেষ্টায় সবাই। কিন্তু পাকিস্তানকে হতাশায় ডুবিয়ে উৎসবের আমেজ মাটি করে দিল বৃষ্টি। বৃষ্টির কারণে গতকাল শ্রীলঙ্কা-পাকিস্তান প্রথম ওয়ানডের একটি বলও মাঠে গড়ায়নি। এমনকি টস হওয়ার আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ইতিহাসে এই প্রথম করাচি স্টেডিয়ামে বৃষ্টির জন্য কোনো ম্যাচ পরিত্যক্ত হলো।
পাকিস্তানে এই মুহূর্তে এত পরিমাণ বর্ষণ হওয়ার কথা নয়। কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে অসময়ে বৃষ্টির আভাস এসেছে। বৃষ্টির কারণে গতকালকের ভেন্যু করাচি স্টেডিয়ামে মাঠের বিভিন্ন জায়গায় গোড়ালি পর্যন্ত পানি জমে যায়। এমনকি মাঠের বাইরে রাস্তায়ও হাঁটু পরিমাণ পানি উঠে যায়। এমন বৃষ্টির পূর্বাভাস ২৯ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডের দিনও আছে। তাই একদিন পিছিয়ে দেওয়া হয়েছে রবিবারের দ্বিতীয় ওয়ানডে।
এদিকে প্রথম ওয়ানডেতে মাঠে আসার জন্য টিকিট কেটে প্রস্তুত ছিলেন হাজার হাজার সমর্থক। তাদের হতাশ না হওয়ার মতোই খবর দিয়েছি পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রথম ওয়ানডের জন্য কেনা টিকিট পরের দুই ম্যাচের যেকোনো একটিতে ব্যবহার করতে পারবেন সমর্থকরা। এছাড়া যারা বাকি দুই ম্যাচে খেলা দেখতে চান না তারা টিকিটের মূল্য পুরোটা ফেরত পাবেন।
সবকিছুই ঠিক আছে। কিন্তু পাকিস্তান ক্রিকেট ও ক্রিকেট সমর্থকদের চাওয়া একটাইÑ মাঠে ক্রিকেট গড়াক। পরের ম্যাচ থেকে তা হলেই হলো।