রোহিঙ্গা সমস্যা সমাধানে বহুমাত্রিক চাপ দরকার : ড. ইমতিয়াজ

শুধু আন্তর্জাতিক নয়, রোহিঙ্গা সমস্যা সমাধানে বহুমাত্রিক চাপ দরকার মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেছেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিকÑ সব গোষ্ঠীকেই ভূমিকা রাখতে হবে। চতুর্দিক থেকে বেশি চাপ এলে মিয়ানমার তখন রোহিঙ্গাদের স্বীকৃতি দিয়ে ফিরিয়ে নিতে বাধ্য হবে।’     

গতকাল শুক্রবার রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন’ বিষয়ে ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘যে মুহূর্তে একটা দেশ জেনোসাইড (গণহত্যা) ঘটায়, তখন সেটা আর দ্বিপক্ষীয় থাকে না, আপনা আপনিই আন্তর্জাতিক হয়ে যায়। মিয়ানমার যদি এখন শতভাগ লোকও ফিরিয়ে নেয়, তারপরও একদিন না একদিন এই জেনোসাইডের বিচার হতেই হবে। মিয়ানমারের জনগণই হয়তো একদিন এর বিচার করবে।’ ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপই এখন বেশি জরুরি’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দলের ভূমিকায় ছিল লালমাটিয়া মহিলা কলেজ এবং বিরোধী দলের ভূমিকায় ইডেন মহিলা কলেজ।