ফরিদপুর মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত কৃষকের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত সিরাজুল ইসলাম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে তিনি মারা যান।

সিরাজুল ফরিদপুর জেলার সালথা উপজেলার নারানদিয়া গ্রামের ফেলু শেখের ছেলে। তিনি মাদারীপুরের শিবচরে বসবাস করতেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা জানান, গত রবিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে শিবচর হাসপাতালে ভর্তি হন সিরাজুল। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, গত পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পরে শনিবার ভোরে সিরাজুলের মৃত্যু হয়। এ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১০ ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

উল্লেখ্য, এ পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৭১৯ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৭৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩০ জন।