নারী ক্রিকেটে অন্যতম সেরা পারফরমার তিনি। বয়স মাত্র ৩০। খেলতে পারতেন আরও অনেক দিন। কিন্তু বিষণ্নতার কারণ দেখিয়ে এই বয়সেই আচমকা ক্রিকেট থেকে বিদায় নিয়ে নিলেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের তারকা উইকেটকিপার কাম ব্যাটসম্যান সারা টেলর।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে সারা বলেন, “সিদ্ধান্তটা নিতে খুব কঠিন হয়েছে। তবে আমি জানি, স্বাস্থ্যের প্রতি নজর দিতে এটা আমার জন্য সঠিক সিদ্ধান্ত। আমি আমার ক্যারিয়ার নিয়ে খুবই গর্বিত। মাথা উঁচু করেই আমি খেলা ছাড়ছি।”
নারী ক্রিকেটে সারকে বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার হিসেবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে নারী ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই টপ-অর্ডার ব্যাটসম্যান। তিন ফরম্যাটের ক্রিকেট মিলে তার নামের পাশে আছে ৬ হাজার ৫৩৩ রান। উইকেটকিপার হিসেবে ডিসমিসাল করেছেন ২৩২ বার।
সফল ক্যারিয়ারে ইতি টানার দিন সাবেক ও বর্তমান সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন সারা, “সাবেক ও বর্তমান সতীর্থদের আমি যত ধন্যবাদই দেই না কেন যথেষ্ট হবে না। আমার পথ চলায় সঙ্গে থাকার জন্য ইসিবি ও বন্ধুদেরকে ধন্যবাদ।”
“ইংল্যান্ডের হয়ে খেলতে পেরে এবং দীর্ঘ সময় দলটির জার্সি পরতে পেরে আমার স্বপ্ন সত্যি হয়েছে। ক্যারিয়ার জুড়ে অসাধারণ সব মুহূর্তে আমি ধন্য হয়েছি। ২০০৬ সালে অভিষেক হওয়া থেকে শুরু, তারপর অ্যাশেজ জয় এবং অবশ্যই লর্ডসে বিশ্বকাপের ফাইনাল।”