জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘যৌন হয়রানিকারী’ শিক্ষকের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক সানোয়ার সিরাজের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন এক ছাত্রী।
শনিবার দুপুর ২টায় অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, সাংস্কৃতিক জোট সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সভাপতি সুস্মিতা মরিয়ম বলেন, ‘নিপীড়িত হওয়া নারীর জন্য কোনো লজ্জা নয়, এটি নিপীড়কের জন্য লজ্জার। যেই শিক্ষক এই কুকর্মে অভিযুক্ত তার শিক্ষক হওয়ার কোনো যোগ্যতাই নেই। তিনি শিক্ষক নন, তিনি একজন লম্পট। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার সমন্বয়ক আবু সাঈদ বলেন, ‘শুধু জাহাঙ্গীরনগরে নয়, সারা দেশেই বিভিন্ন ক্ষেত্রে নারীরা নিপীড়িত হচ্ছে। নারীরা যেন এভাবে আর নিপীড়িত না হয়, এজন্য এই ঘটনার শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’