প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে প্রকাশিত হলো মতিয়ার রহমানের কণ্ঠে ‘দেশরত্ন শেখ হাসিনা’ শিরোনামে একটি ব্যতিক্রমধর্মী গান। গানটির প্রযোজনা প্রতিষ্ঠান সুরঞ্জলির নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে। এস কে সমীর এর সংগীত আয়োজনে গানটির কথা ও সুর দিয়েছেন মতিয়ার রহমান নিজে।
সংগীত পরিচালক এস কে সমীর গানটির সম্পর্কে বলেন, ‘অনেক কিছু বলা যায় মতিয়ার রহমান সম্পর্কে আসলে একজন কর্মজীবী হয়ে সংগীতের ওপর বিশেষ কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তার গানের প্রতি আগ্রহ দেখে আমি অবাক হয়েছি। আমি তার বেশ কিছু গানের সংগীতায়োজন করেছি বিশেষ করে বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় শেখ হাসিনা ও নিজের দেশের প্রতি তার যে ভক্তি-শ্রদ্ধা চিন্তা ভাবনা এগুলো খুবই অবাক করার মতো। আমি একজন সংগীত পরিচালক আমার এখানে অনেকেই আসেন গানের সংগীতায়োজন করার জন্য। সবার মধ্যেই এক প্রকার দেখা যায় রাতারাতি কীভাবে স্টার হবে সেই চিন্তা। কিন্তু মতিয়ার ভাইকে দেখেছি সে শুধুমাত্র দেশের গান বঙ্গবন্ধুকে নিয়ে ও প্রিয় নেত্রী শেখ হাসিনাকে নিয়ে গান করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। সে জানে এই ধরনের গান করে হয়তো কখনো সে ভাইরাল হবে না তারপরেও তার এই আগ্রহ ও ইচ্ছা শক্তি দেখে আমি তার পাশে থাকার চেষ্টা করেছি। বর্তমান প্রেক্ষাপটে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এই ধরনের গানে অর্থলগ্নি করতে চায় না সে জন্য মতিয়ার ভাইয়ের মতো মানুষদের নিজ উদ্যোগে এই ভিন্নধর্মী কাজের জন্য আমার পক্ষ থেকে সামান্য সহযোগিতাটুকু যদি তার কোন কাজে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব।’
মতিয়ার রহমান বলেন, ‘দীর্ঘদিন যাবৎ সংগীতকে বুকের মধ্যে লালন করি এবং মনের একটা ইচ্ছা ছিল যে আমি বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে কিছু গান প্রকাশ করব যেহেতু আমি একজন কর্মজীবী মানুষ সময় সুযোগের অভাবে সেটা এত দিন সম্ভব হয়ে ওঠেনি এখন চেষ্টা করেছি এর ভেতর গানটি উপস্থাপন করার, যদি কিছু মানুষের মনে আমার এই গানটি ভালো লেগে থাকে তাহলে আমার কাজের সার্থকতা।’