প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালনের কর্মসূচিতে ছাত্রদের নিয়ে যেতে হলে তালা দেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের বিরুদ্ধে।
আনন্দ শোভাযাত্রা, শিশুদের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরোপণের মধ্য দিয়ে তারা প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করে।
কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মূল গেইট থেকে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে আনন্দ র্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের বিরুদ্ধে তালা দিয়ে শিক্ষার্থীদের জোর করে আনন্দ মিছিলে নেয়ার অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে কাজী নজরুল ইসলাম হল থেকে মিছিল বের করার প্রস্তুতি নেন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় হল ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের উপস্থিতিতে গেইটে তালা দেয় নেতাকর্মীরা। এ সময় গেইটে দায়িত্বরত সিকিউরিটি গার্ড মো. জাহাঙ্গীরকে মিছিল শেষ করে আসা পর্যন্ত গেইট বন্ধ রাখার নির্দেশ দেয় তারা।
নাম প্রকাশ না করার শর্তে হলের সিনিয়র এক শিক্ষার্থী জানান, ‘পরীক্ষা এবং ব্যক্তিগত কাজের কারণে মিছিলে যেতে পারিনি। দুপুরে খাবার খেতে যেতে চাইলে নিচে গিয়ে দেখি হলের গেইটে তালা। এভাবে হল প্রশাসনের কোনো নির্দেশনা ছাড়া জোরপূর্বক তালা দেয়াটা দুঃখজনক।’
তবে অভিযোগ অস্বীকার করে নজরুল হল ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন বলেন, ‘আমি ছিলাম না, আগে চলে গেছি। মনে হয় জুনিয়র পোলাপাইনে দুষ্টুমি করে তালা দিয়েছে। আমি জানি না এটা।’
শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘বিষয়টি শুনেই তালা খুলে দিতে বলেছি। তালা দেওয়ার কোনো নিয়ম নেই। হলের সব শিক্ষার্থী তো আর ছাত্রলীগের রাজনীতি করে না।’
নজরুল হলের প্রাধ্যক্ষ মো. এমদাদুল হক জানান, আমি বিষয়টি জানি না। বিষয়টা আমি দেখছি।
ছাত্রলীগের নেতারা জানান, র্যালি শেষে শাখা ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করেন তারা। পরে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ ছাড়া রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে কেক কেটে জন্মদিন উদযাপন করা হবে বলে জানান শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ।
র্যালিতে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়জুল ইসলাম ফিরোজসহ শাখা এবং হল ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।