কার্তিকের প্রেমে পাগল কলেজছাত্রী, অতঃপর বিয়ের প্রস্তাব

‘সোনু কে টিটু কি সুইটি’ ছবির সাফল্যের জোয়ারে ভাসছেন কার্তিক আরিয়ান। সারা আলী খান থেকে শুরু করে অনেক তরুণীই এখন মজেছেন কার্তিকের হাসিতে।

এমনকি বিয়ের প্রস্তাব নিয়ে কার্তিকের বাড়ির সামনেই টানা ১৫ দিন ধরে অবস্থান নিয়েছেন এক কলেজছাত্রী। 

জি নিউজ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ওই তরুণীকে কার্তিকের সামনে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দিতে দেখা যায়।

জানা যায়, ওই তরুণী টানা ১৫ দিন ধরে কলেজে না গিয়ে রোজ কার্তিকের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতেন। সারাদিন ধরে অপেক্ষা করে রাতে বাড়ি ফিরে যেতেন। ফের সকালে উঠে চলে আসতেন কার্তিক আরিয়ানের বাড়ির সামনে।

টানা ১৫ দিন এভাবেই চলার পর অবশেষে কার্তিকের দেখা পান ওই তরুণী। নিরাপত্তারক্ষীদের বেড়াজাল টপকে ওই তরুণীকে নিজের বাড়ির ভেতরে নিয়ে যান কার্তিক। তার সঙ্গে বেশ কিছুক্ষণ গল্পও করেন। তারপর বাইরে বের হয়ে আসার পর তরুণী রাস্তার মধ্যেই হাঁটু গেড়ে বসে কার্তিককে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন।

কার্তিক তখন ‘কী করছ, কী করছ’ বলে হাত ধরে তরুণীকে তুলে নেন। তবে কার্তিকের সঙ্গে শুধু সেলফি তুলেই বাড়ি ফিরতে হয়েছে ওই তরুণীর।

প্রসঙ্গত, কিছুদিন আগেই কার্তিক এক সাক্ষাৎকারে বলেন, তার মা প্রায়শই এ ধরনের অনেক ফোন রিসিভ করেন, যেখানে তার (কার্তিক) সঙ্গে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। এদিকে বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে কার্তিক আপাতত নবাব কন্যা সারার প্রেমে মজে রয়েছেন।

প্রসঙ্গত, খুব শিগগিরই ইমতিয়াজ আলীর লাভ আজকাল টু ছবিতে দেখা যাবে সারা ও কার্তিককে।