গেতাফের মাঠে ১০ জন নিয়েও জিতল বার্সা

এবারের মৌসুমে প্রতিপক্ষের মাঠ থেকে জয় পাচ্ছিল না বার্সেলোনা। অবশেষে অ্যাওয়ে ম্যাচের সেই জুজু কাটাল কাতালান ক্লাবটি। শনিবার স্প্যানিশ লা লিগায় গেতাফেকে ২-০ গোলে হারিয়েছে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।

চোটের কারণে লিওনেল মেসি ছিলেন না। ছিলেন না তরুণ তারকা আনসু ফাতিও। প্রতিপক্ষের মাঠে এদিন জয় তুলে নেওয়া নিয়ে তাই শঙ্কাই ভর করেছিল বার্সা সমর্থকদের মনে।

তবে লুইস সুয়ারেজ ও জুনিয়র ফিরপো গোল করলেন। শেষ মিনিট দশেক ১০ জন নিয়ে খেলেও জয় পেল বার্সা। ওঠে এলো শীর্ষ চারে।

এদিন ম্যাচের ৪১ মিনিটে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। গোলরক্ষক আন্দ্রে টের স্টেগানের তৈরি করা বল ধরে সেটি জালে জড়িয়ে দেন সুয়ারেজ। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করতে খুব বেশি সময় নেয়নি বার্সা। ৪৯ মিনিটে গেতাফে গোলরক্ষকের ভুলে সুযোগ কাজে লাগান জুনিয়র ফিরপো। ব্যবধান করেন ২-০।

ম্যাচে ৬১ শতাংশ বল নিজেদের দখলে রেখে খেলেছে বার্সেলোনা। অন টার্গেটে গেতাফে যেখানে মাত্র একবার বল রাখতে পেরেছে, সেখানে বার্সেলোনা রেখেছে ৬বার। এই তথ্যগুলো বার্সার দাপটের কথাই বলে।

ইনজুরির কারণে মেসি এ মৌসুমে সেভাবে মাঠেই নামতে পারছেন না। তবে বার্সা কোচকে মেসির অভাবটা বুঝতে দিচ্ছেন না অন্যরা। পরিসংখ্যানই বলছে সে কথা। বার্সার হয়ে এরই মধ্যে ১০জন খেলোয়াড় গোল করে ফেলেছেন চলতি মৌসুমে। ইউরোপিয়ান ফুটবলের শিষ্য ৫ লিগে যে কীর্তি নেই কোনো দলের।

৭ ম্যাচে ৪ জয়, ১ ড্র ও ২ হারে ১৩ পয়েন্ট বার্সেলোনার। আপাতত দুই নম্বরে ওঠে এসেছে দলটি। বুধবার চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সা।