ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারের পতন ঘটাতে হবে: মির্জা ফখরুল

অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর আগে দলকে শক্তিশালী করতে মহানগর উত্তর বিএনপিকে ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সম্মেলন করতে হবে।

শনিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। সন্ধ্যায় মহানগর উত্তরের দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় মহানগর নেতাদের মির্জা ফখরুল বলেন, আজকের সভায় আপনারা যেভাবে এখানে ঐক্যবদ্ধভাবে উপস্থিত হয়েছেন, আগামীদিনেও দেশনেত্রীর মুক্তির আন্দোলনে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে ঝাঁপিয়ে পরতে হবে।

তিনি বলেন, মহানগর বিএনপিকে শক্তিশালী করতে হলে পাড়া-মহল্লায় সাধারণ মানুষের কাছে যেতে হবে। অন্যায়ের বিরুদ্ধে, এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে রাজপথের আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার সরকারের পতন ঘটাতে হবে।

সভায় মির্জা ফখরুল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে মহানগর উত্তর বিএনপির প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সম্মেলন করার নির্দেশ দেন।

এতে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের দলীয় মেয়র প্রার্থী এম. তাবিথ আউয়াল। সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সকল নেতৃবৃন্দ, ২৭টি থানার সভাপতি, সাধারণ সম্পাদক, ৫৭টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ নেতৃবৃন্দ।